কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সংগঠিত সহিংসতা ও হত্যাকান্ডের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের একটি কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাসস।
গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে এক সদস্য বিশিষ্ট এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দেয়া হয়। এ তদন্ত কমিশনের সহায়তায় রয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ে ও সংস্কার শাখা। প্রথম বৈঠক শেষে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান।
তিনি বলেন, দ্যা কমিশনস অব ইনকোয়ারি এ্যাক্ট ১৯৫৬ এর ৩ ধারার ক্ষমতাবলে সরকার এ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দেয়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার ২০১৮ সালে একটি প্রজ্ঞাপন জারি করে। এর প্রেক্ষিতে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
গত ৫ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ কোটা পদ্ধতি বিলুপ্তির প্রজ্ঞাপনটি বাতিল করে রায় দেয়। হাইকোর্টের এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। এ আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই সারাদেশে এক অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং ৬ জন ব্যক্তি মারা যায়। এরই পরিপ্রেক্ষিতে আমাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দেয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান বলেন, ‘কমিশন সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে।